দুর্গাপূজা মানেই তো মায়ের বাপের বাড়ি ফেরা। ঢাকের বাদ্যি, কাশফুলের দোলা, শিউলির গন্ধ, নতুন জামাকাপড় আর আপনজনের সঙ্গে মিলন—সব মিলিয়ে বাঙালির হৃদয়ের সবচেয়ে আপন উৎসব।
কিন্তু সময়ের সঙ্গে কি বদলে যাচ্ছে সেই উৎসবের চেনা আবহ? আনন্দের জায়গায় কি কখনও জায়গা করে নিচ্ছে উন্মাদনা, বিভাজন, স্বার্থ আর অসংবেদনশীলতা? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই যেন এই ছড়াটির জন্ম।
সম্প্রতি পাওয়া একটি আধুনিক ছড়া পড়তে পড়তে এমনই কিছু প্রশ্ন মনে জাগল। কবির নাম জানা নেই, কিন্তু পড়তে পড়তে কখনও হাসলাম, কখনও বিষণ্ণ হলাম, আবার কখনও থমকে দাঁড়ালাম। গণেশের অভিমান আর উমার চোখের জল যেন আমাদের সময়েরই এক অদ্ভুত প্রতিচ্ছবি।
ব্যঙ্গ, অভিমান, বেদনা আর প্রতিবাদের ভাষায় লেখা এই কবিতাটি আমাদের সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেছে। কোথাও উৎসবের বাণিজ্যিকীকরণ, কোথাও ধর্মের নামে বিভাজন, কোথাও দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভ।
কবিতাটির বক্তব্যের প্রতিটি কথার সঙ্গে সবাই একমত নাও হতে পারেন। কিন্তু এর ব্যঙ্গ, প্রশ্ন এবং প্রতিবাদের সুর আমাদের ভাবতে বাধ্য করে। তাই ভালো লেগেছে, আর সেই ভালো লাগা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার লোভ সামলাতে পারলাম না।
কবির পরিচয় জানা থাকলে জানাবেন। তাঁর প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা।
মায়ের বাপের বাড়ি
মর্ত্য থেকে ফিরেই গনেশ
মুখ করেছে ভার,
বলছে নাকি মামার বাড়ি
যাবেইনা সে আর!
শুঁড়েতে তার হাত বুলিয়ে
মাথায় দিয়ে চুমা,
রাগ করেনা সোনা বাবা
বলছে ডেকে উমা।
গনেশ তবু গোমরা মুখেই
গো ধরেছে ভারী,
মামার বাড়ির সাথে নাকি
বরাবরের আড়ি…
উমা শুধায় কি হয়েছে
বলতো ক্লিয়ার করে,
কেউ কি সেথায় তোর ভুঁড়িতে
চিমটি দিল জোড়ে?
গনেশ বলে ওসব না মা
বদলে গেছে সব,
ওদের কাছে পূজা এখন
মদিরা উৎসব।
সন্ধ্যা হলেই ক্লাব গুলোতে
চলছে নেশার রাজ,
প্রাণ খোলা সেই আড্ডা মজা
কেউ করেনা আজ।
কেউবা মাতে রিলস বানাতে
কেউবা ব্লগার সাজে,
বুকের থেকে আঁচল ফেলে
আলু পটল ভাজে।
ছোটোরা কেউ খায়না মোদক
মিষ্টি নাকি shit!!
ওদের কাছে পিৎজা নুডলস
এখন সুপার হিট।
উৎসব নয় এখন ওরা
ধর্ম নিয়েই মাতে,
মানুষ গুলো জাতের নামে
এ ওর মাথা কাটে।
একলা বসে প্যান্ডেলেতে
কান্না পেল ভারী,
হারিয়ে গেছে মা গো আমার
চেনা মামারবাড়ি…
উমার চোখও ভিজলো জলে
মনটা হল ভার,
ধর্ষিতা মেয়ে পায়নি বিচার
বছর হল পার..
শিক্ষা সেথা বিকোয় টাকায়
চাকরি জোটে ঘুষে,
জালিয়াতির আবর্জনা
ভাতাতে যায় মুছে।
অনেক হল মৌন থাকা
দেখেও ওদের খেলা,
এবার হবে নতুন করে
অসুর বধের পালা।
আয় মা উমা দশভূজা
রণংদেহী রূপে,
জ্বালিয়ে দে মা আগুন টুকু
বারুদ ভরা বুকে।
যে মাথারা ছিল নত
অত্যাচারের ভারে,
এবার তারা উঠুক জেগে
তীব্র হুঙ্কারে..
নিজ অধিকার ছিনিয়ে নেওয়ার
সমন করুক জারি,
ওদের বুকে শক্তি দিতে
আয় মা বাপের বাড়ি..
— কবির নাম অজ্ঞাত
মা দুর্গা আমাদের সকলের জীবনে শান্তি, শক্তি, ন্যায় ও মানবিকতার আলো নিয়ে আসুন। 🙏
Discover more from Indrosphere
Subscribe to get the latest posts sent to your email.

এই লেখাটি সত্যিই এক অন্য আয়না দেখায়—উৎসবের আনন্দের ভেতর লুকিয়ে থাকা ব্যথা, ব্যঙ্গ আর প্রতিবাদের প্রতিচ্ছবি। মায়ের বাপের বাড়ি শিরোনামটিই যেন আমাদের মনে করিয়ে দেয়, দুর্গাপূজা শুধু ঢাক‑কাঁশফুল‑শিউলি নয়, বরং সমাজের অব্যক্ত প্রশ্নও।
কবিতার প্রতিটি স্তবকে আছে এক অদ্ভুত দ্বন্দ্ব—গণেশের অভিমান, উমার চোখের জল, আর উৎসবের বাণিজ্যিকীকরণে হারিয়ে যাওয়া চেনা আবহ। কোথাও হাসি, কোথাও বিষণ্ণতা, আবার কোথাও প্রতিবাদের আগুন। এই ছড়া আমাদের সময়ের অসঙ্গতিগুলোকে এমনভাবে তুলে ধরে যে পাঠক থমকে যায়।
সবচেয়ে শক্তিশালী অংশ হলো শেষের আহ্বান—“আয় মা উমা দশভূজা… জ্বালিয়ে দে মা আগুন টুকু।” এখানে উৎসবের দেবী আর সমাজের ন্যায়ের দেবী একাকার হয়ে যায়। কবি অজ্ঞাত হলেও তাঁর কলমে যে ব্যথা, যে ক্ষোভ, যে আশা—তা আমাদের ভাবতে বাধ্য করে।
এই ছড়া পড়ে মনে হয়, দুর্গাপূজা শুধু আনন্দের নয়, আত্মসমালোচনারও সময়। মা দুর্গা যেন সত্যিই আমাদের জীবনে শান্তি, শক্তি, ন্যায় আর মানবিকতার আলো নিয়ে আসেন। 🙏
উৎসবের আড়ালে থাকা সামাজিক বাস্তবতা ও আমাদের নীরব প্রশ্নগুলোকেই ছড়াটির মাধ্যমে তুলে ধরতে চেয়েছিলাম। গভীর ও সংবেদনশীল পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ। 🙏
দারুণ। এই যুগের প্রতিচ্ছবি।
হ্যাঁ! ধন্যবাদ!